মা ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ: মধ্যরাত থেকে উত্তাল নদী-সমুদ্রে জেলেরাও
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া ২২ দিনের সফল নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ফের শুরু হয়েছে ইলিশ শিকার। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সাথে সাথেই উপকূলীয় ও নদীতীরবর্তী জেলেরা তাদের ট্রলার নিয়ে নদীতে নেমে পড়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর জালে কাঙ্ক্ষিত রুপালি ইলিশ পাওয়ার আশায় বুক বেঁধেছেন তারা।
গত ৮অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই ২২ দিন ইলিশের অবাধ প্রজনন নিশ্চিত করতে কঠোর অবস্থানে ছিল প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।
আইন অমান্য করে যাতে কেউ নদীতে নামতে না পারে, সে জন্য দিনরাত অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন অনেক জেলে সরকারি সহায়তা হিসেবে চাল পেলেও, পরিবার-পরিজন নিয়ে বেশ টানাপোড়েনেই দিন কাটাতে হয়েছে তাদের। তবে নিষেধাজ্ঞা শেষে নতুন উদ্যমে নদীতে নামার সুযোগ পাওয়ায় জেলে পাড়াগুলোতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
নদী পারের বিভিন্ন ঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা জাল, ট্রলার এবং প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। মধ্যরাত বাজার বা নদীবন্দরগুলোতেও ফিরেছে প্রাণচাঞ্চল্য।
স্থানীয় এক জেলে বলেন, "২২ দিন অনেক কষ্টে কেটেছে। সরকারের নির্দেশ মেনে আমরা নদীতে নামিনি যাতে মা ইলিশ ডিম ছাড়তে পারে। এখন আশা করছি আমাদের জালে বড় বড় ইলিশ ধরা পড়বে এবং বিগত দিনের ক্ষতি পুষিয়ে উঠতে পারব।"
সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তারা আশা প্রকাশ করে জানিয়েছেন, মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পাওয়ায় এ বছর ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং বাজারে জোগান বাড়লে সাধারণ ক্রেতারাও নায্যমূল্যে ইলিশ কিনতে পারবেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন