আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় গাকের স্মার্ট প্রকল্পের অংশগ্রহণ : প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সরকার এগ্রো ইঞ্জিনিয়ারিংয়'র স্টল পরিদর্শন, কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্পর্কে অবহিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর স্মার্ট প্রকল্প। এ প্রকল্পের সহায়তায় বগুড়ার শেরপুরের কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান সরকার এগ্রো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মাল্টিপল ওয়ার্কস মেলায় তাদের উদ্ভাবিত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করে। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার শুরু হয়ে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক মেলা ৭ নভেম্বর শনিবার শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মোট ৫৩টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণসহ কৃষি খাতের নানা উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কৃষি খাতের সামগ্রিক উন্নয়ন, আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং কৃষি যান্ত্রিকীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষি উৎপাদনে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব হবে। তিনি আরও বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও আরডিএর মতো প্রতিষ্ঠানের উদ্যোগে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচের পানি সরবরাহ করে প্রায় ৪০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। পাশাপাশি সারের সঠিক ব্যবহার, অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ নিয়ন্ত্রণ এবং জৈব সারের ব্যবহার বৃদ্ধির ওপরও তিনি গুরুত্ব দেন।
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় গাক বাস্তবায়নাধীন স্মার্ট প্রকল্পের আওতায় মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট উপপ্রকল্পটি বগুড়া ও নওগাঁ জেলায় পরিচালিত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো পরিবেশবান্ধব সম্পদ ও উৎপাদন দক্ষতা চর্চার মাধ্যমে মেশিনারি ও ইকুইপমেন্ট উপখাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা। এ প্রকল্পের আওতায় গাকের আরডিএ শাখার সহযোগিতায় উদ্যোক্তা মো. সাইদুজ্জামান সরকার তাঁর প্রতিষ্ঠান সরকার এগ্রো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মাল্টিপল ওয়ার্কস, জোয়ানপুর, শেরপুর, বগুড়া থেকে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি নিয়ে তিন দিনব্যাপী এ মেলায় অংশগ্রহণ করেন।
মেলা চলাকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকার এগ্রো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মাল্টিপল ওয়ার্কসের স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির তৈরি কৃষি যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং এসব যন্ত্রপাতির ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে অবহিত হন। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ই-রিকশার নকশা প্রণয়ন ও তা তৈরির বিষয়ে উদ্যোক্তা মো. সাইদুজ্জামান সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক। তার বক্তব্যে তিনি কৃষির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকাশ, কৃষি যান্ত্রিকীকরণ ও উদ্ভাবনী প্রযুক্তির সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষি গবেষণা, শিক্ষা, প্রযুক্তি উদ্ভাবন ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষি উদ্যোক্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রকল্প কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কৃষি প্রযুক্তির এ আন্তর্জাতিক আয়োজন দেশীয় উদ্যোক্তাদের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরা, কৃষি যান্ত্রিকীকরণে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান