এইচএসসির ফল প্রকাশে নতুন উদ্যোগ শিক্ষা বোর্ডের
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা বোর্ড। এ বছর আর কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হবে না, বরং প্রত্যেকটি শিক্ষা বোর্ড নিজ নিজ বোর্ড থেকে আলাদাভাবে ফল প্রকাশ করবে। এবারের পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর বেলা ১১টায় প্রকাশ করা হবে (৭ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার পরীক্ষার ফল প্রকাশের এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। সেদিন সকাল ১১টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। তবে এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন করা হবে না বরং প্রত্যেক বোর্ড নিজ নিজ কার্যালয় থেকে ফল প্রকাশ করবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এবার কেন্দ্রীয় কোনো অনুষ্ঠান নেই। স্ব স্ব শিক্ষা বোর্ডই ফল প্রকাশ করবে।’ তিনি আরও জানান, আগের মতোই শিক্ষার্থীরা এসএমএস, ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন। প্রসঙ্গত, এ বছর গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। এরপরই স্থগিত পরীক্ষা না নিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীদের অনেকে। তাদের দাবি ছিল, উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকার বিষয়টি তাদের মানসিক চাপে ফেলেছে। তাই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করতে হবে। একপর্যায়ে আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম