ঠাকুরগাঁও পাসপোর্ট অফিস দালালদের দখলে
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিনই কমবেশি বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা থাকে। কেউ আসেন পাসপোর্ট করতে আর কেউবা পাসপোর্ট নেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীদের অভিযোগ, দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে ভোগান্তির যেন শেষ নেই। আর দালাল ধরলেই সব সমস্যার সমাধান।
জানা যায়, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইসলামবাগ এলাকার একটি ভাড়া করা ভবনে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম পরিচালিত হয়। পরে চলতি বছরের জানুয়ারি থেকে কলেজপাড়া রোডে নিজস্ব অফিসে কার্যক্রম শুরু হয়। ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০টি আবেদন জমা পড়ে।
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে কয়েক দিন আসা-যাওয়া করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। তাদের কেউ কেউ চক্রের মাধ্যমে সহজে পাসপোর্ট হাতে পেয়েছেন। আবার কেউ কেউ অনেক দিন ধরে ঘুরছেন।
সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও পৌরশহর, ইসলামবাগ ও কলেজ রোডের পাশে সারিবদ্ধ কম্পিউটার ও ফটোকপির দোকানের সাইনবোর্ড। এসব দোকান ঘিরেই তৎপর পাসপোর্ট দালাল চক্রের সদস্যরা।
এ ছাড়া পাসপোর্ট অফিসের সামনে গেলে দালাল চক্রের কয়েকজন সদস্যকে সেখানে দেখা যায়। তারা সেবাপ্রত্যাশীদের বিভিন্নভাবে ম্যানেজ করে তাদের পরিচিত কম্পিউটারের দোকানে নিয়ে যান। তারা বিভিন্ন অজুহাতে গ্রাম থেকে আসা মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্রের সদস্যরা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাজিমুল ইসলাম