আওয়ামী লীগের পক্ষে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেই গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১২ মে) দুপুর ১২টা ২৬ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ফেসবুকে একটি পোস্টার শেয়ার করে তার ক্যাপশনে বলা হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।
পোস্টারের শিরোনামে লেখা, ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার। নিচের দিকে বিস্তারিতর জায়গায় লেখা রয়েছে- নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে। বর্তমানে শুধু মিছিল-সমাবেশ নয়, ফেসবুক-ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেফতার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে শনিবার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ