যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে

যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে
ছবিঃ সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে, যা শনিবার হোয়াইট হাউজ নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি তেহরান সফরকালে তাকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির কিছু শর্ত পেশ করেছেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট বলেছেন, ইরানের জন্য এই চুক্তি গ্রহণ করাই সর্বোত্তম সমাধান। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। প্রস্তাবটির বিস্তারিত বিবরণ বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। লিয়াভিট আরও বলেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যৌক্তিক জবাব দেওয়া হবে, যা নীতিগতভাবে সঙ্গতিপূর্ণ এবং ইরানের জনগণের স্বার্থ রক্ষাকারী।

চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি। তবে এই উদ্যোগ এসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে, যেখানে বলা হয়েছে ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪০০ কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে। এটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ সমৃদ্ধির কাছাকাছি, যদিও ইরান দাবি করে আসছে যে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই মজুদ দশটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আইএইএ’র প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা বাড়ানোর দাবি জানাচ্ছে। অন্যদিকে, ইরান এই প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে।

গত এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন আলোচনা চলছে। উভয় পক্ষই আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখলেও সমৃদ্ধির মাত্রা ও পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

দৈনিক বিজয় নিউজ/ এমই