মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর গেটে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়। এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয়। শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানায়। এসময় তারা "আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ"; "যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান"; "বিএনপির সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ"; "মিটফোর্ড খুন কেন? তারেক রহমান জবাব দে"; "সারা দেশে সন্ত্রাস কেন? বিএনপি জবাব দে"—প্রভৃতি স্লোগান দেয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, "সারাদেশ চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত পরশুদিন পুরান ঢাকায় চাঁদা না দেওয়ায় মধ্যযুগীয় কায়দায় একজনকে পাথর মেরে হত্যা করা হয়েছে। কোনো মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়নি—সোশ্যাল মিডিয়া না দেখলে আমরা জানতেও পারতাম না। এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হতে হবে।"

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, "আপনি লন্ডন থেকে 'বোন আমি তারেক বলছি' বলে নাটক করছেন, কিন্তু দেশে চাঁদাবাজি ও খুন চলছে। আপনার দলকে নিয়ন্ত্রণ করুন। ছাত্রদল-যুবদল, আপনারা আওয়ামী লীগের পথ অনুসরণ করলে তাদেরই পরিণতি ভোগ করবেন।"

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বিএনপিকে লক্ষ্য করে বলেন, "আপনারা রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না। আমরা শত্রু নই, কিন্তু জুলুম সহ্য করব না। চাঁদাবাজি, খুন—এসব বর্বরতা আর মেনে নেওয়া হবে না। দেশকে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত করতে হবে।"

তিনি আরও বলেন, "অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিএনপি দেড়শোর বেশি মানুষের প্রাণ কেড়েছে। খুনিদের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন ও বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন নয়—দেশকে সবার আগে সুশাসন ও ন্যায়ের ভিত্তিতে গড়ে তুলতে হবে।"]

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমে