টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর চালিয়েছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটে।

কাদের সিদ্দিকীর বাসভবনটি শহরের কবি নজরুল সরণিতে (জেলা সদর সড়ক) অবস্থিত ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’ ভবনের উপরের তলায়। কমিউনিটি সেন্টারটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত। হামলার সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন।

বাসার কর্মচারীদের বর্ণনায়, রাতে কাদের সিদ্দিকী বাসায় ঘুমানোর সময় প্রায় ১০ থেকে ১৫ জনের একটি দল ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা মইয়ের সাহায্যে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে এবং সেখানে পার্কিংয়ে রাখা দুটি গাড়ি ভাঙচুর করে। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের মুখে মাস্ক ও কয়েকজনের মাথায় হেলমেট ছিল।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। দ্রুততার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে, রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে তার নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশ হওয়ার কথা ছিল, যেখানে তাকে প্রধান অতিথি করা হয়। তবে একই সময় ও স্থানে ‘ছাত্র সমাজ’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে আরেকটি সমাবেশের ডাক দেওয়া হয়। এ পরিস্থিতিতে সম্ভাব্য অশান্তি এড়াতে প্রশাসন বাসাইল শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

দৈনিক বিজয় নিউজ/ নিজস্ব প্রতিবেদক