পোল্যান্ডে রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ নিয়ে ট্রাম্প-টাস্ক কথার লড়াই
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার সামরিক ড্রোন অনুপ্রবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মধ্যে বক্তব্যের বৈপরীত্য দেখা গেছে। ট্রাম্প এই ঘটনাটিকে 'দুর্ঘটনাবশত' হওয়ার সম্ভাবনা প্রকাশ করলেও পোল্যান্ড একে 'রাশিয়ার ইচ্ছাকৃত হামলা' বলে অভিহিত করেছে ।
ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড গত বুধবার তাদের আকাশসীমায় অনুপ্রবেশকারী একাধিক রাশিয়ান ড্রোন ভূপাতিত করার দাবি করে। রাশিয়ার পক্ষ থেকে প্রতিক্রিয়ায় দাবি করা হয় যে, ইউক্রেনে হামলা চালানোর জন্য ব্যবহৃত ড্রোনগুলি পোল্যান্ডের আকাশসীমায় ঘটনাক্রমে প্রবেশ করেছিল এবং পোল্যান্ডে হামলা করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম পোল্যান্ডে রাশিয়ান ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল। ইউরোপীয় নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন। পোল্যান্ডের আহ্বানে, ড্রোন অনুপ্রবেশ নিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।
ট্রাম্প তার বক্তব্যের পুনরাবৃত্তি করে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, 'এটি হয়তো ভুলবশত হয়েছে' । জবাবে, প্রধানমন্ত্রী টাস্ক একটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, 'পোল্যান্ডে ড্রোন হামলা ভুলবশত হয়েছে, তা আমরাও মনে করতে চাই। তবে তা ভুলবশত হয়নি। আর আমরা এটি জানি' । পোল্যান্ডের উপ-প্রতিরক্ষামন্ত্রী চেজারি টমকজিকও একই সুরে বলেছেন যে, এটি একটি ইচ্ছাকৃত হামলা এবং ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না ।
ওয়ারশ মনে করছে যে, এই ঘটনাটি পোল্যান্ড এবং ন্যাটোর প্রতিরক্ষা ক্ষমতা পরীক্ষা করার জন্য রাশিয়ার একটি প্রচেষ্টা। এই অনুপ্রবেশ ন্যাটো সদস্য দেশগুলি এর মধ্যে তাদের নিজস্ব নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ইউরোপীয় নেতাদের মতে, এই ঘটনা থেকে আরও একটি ইঙ্গিত মিলেছে যে, ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ করার বিষয়ে মস্কোর আগ্রহ নেই ।
ট্রাম্প ইতিমধ্যেই হুমকি দিয়েছেন যে, ইউক্রেনের বিষয়ে একটি শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পোল্যান্ডের আকাশসীমা সুরক্ষিত করতে ফ্রান্স তিনটি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করার ঘোষণা দিয়েছে, এবং জার্মানি ন্যাটোর পূর্ব সীমান্তে তাদের প্রতিশ্রুতি শক্তিশালী করার কথা বলেছে ।
দৈনিক বিজয় নিউজ/ ই