বাংলামোটর থেকে গুলশানে মিছিল; আওয়ামী লীগের ১২ কর্মী গ্রেপ্তার

বাংলামোটর থেকে গুলশানে মিছিল; আওয়ামী লীগের ১২ কর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার প্রতীকী ছবি

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাজধানীর বাংলামোটর ও গুলশান এলাকায় শুক্রবার ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, গত বৃহস্পতিবার মিরপুর ও দারুস সালাম এলাকায় একই ধরনের মিছিল করার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৮ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে একদল মানুষ জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল শুরু করলে রমনা থানার পুলিশ তাদের ছয়জনকে গ্রেপ্তার করে। মিছিলকারীরা 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে', 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। বাকিরা পালিয়ে যান।

একই দিন বেলা সোয়া তিনটা থেকে চারটার মধ্যে গুলশান এলাকায় আরেকটি ঝটিকা মিছিল বের হয়, যেখান থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলামোটর ও গুলশান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন—মো. মাইন উদ্দীন, বিল্লাল হোসেন, মো. রাব্বি, সোহেল হাসান ওরফে রাফি, আরিফ, নাদিম, মো. শুক্কুর হাওলাদার, শিহাব মুন্সি, মো. জুয়েল, সাদ্দাম মোল্লা, মো. রানা ও মো. নাজমুল।

এছাড়া গত বৃহস্পতিবার দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নাটোর জেলার যুবলীগ সদস্য আল আমিন, চাঁদপুরের আওয়ামী লীগের সদস্য সোহাগ মাঝিসহ অন্যান্যরা।

এদিন মিরপুরে অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, তারা পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/