হোমনা-তিতাস আসন পুনর্বহালে সাবেক এপিএস মতিন খানের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
নির্বাচন কমিশন কর্তৃক কুমিল্লা-২ সংসদীয় আসন (হোমনা-তিতাস) পূনর্বিন্যাস করে গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস এম এ মতিন খানের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের নেতৃত্বে তিতাস উপজেলার কড়িকান্দি বাজার থেকে শুরু হয়ে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে গৌরিপুর-হোমনা সড়কে আনন্দ মিছিল করে। এরপর মিছিলটি হোমনায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসভবনে গিয়ে শেষ হয়। সেখানে হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক জহরের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোটার সংখ্যা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় হোমনা-তিতাস আসন পুনর্বিন্যাস যথার্থ। নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া এই এলাকা আগে থেকেই কুমিল্লা-২ আসনের অংশ ছিল। এটি পুনর্বহাল হওয়ায় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। সমাবেশে আরো বক্তব্য রাখেন- হোমনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, হোমনা পৌর বিএনপির সাংগঠনিক মোক্তার হোসেন, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূঁইয়া, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম মাইনুদ্দিন সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মাইনুদ্দিন, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া ও হোমনা কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো. নাঈম প্রমুখ।
এছাড়াও হোমনা এবং তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিএনপির স্থায়ী কমটির সদস্য, সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও তার সহধর্মিণী মাহমুদা আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ও কবর জিয়ারত করা হয়। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করে কুমিল্লা-২ আসনের গেজেট প্রকাশ করে।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ