হয় মাদক কারবারিরা থাকবে, নতুবা আমি থাকব': লুঙ্গি পরে অভিযানে এমপি জসীম উদ্দিন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় লুঙ্গি পরিহিত অবস্থায় এক আকস্মিক অভিযানে অংশ নিয়ে মাদক কারবারিদের আস্তানায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ভারত সীমান্ত সংলগ্ন আশাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক কেনাবেচা করে আসছিল। এই অবৈধ কর্মকাণ্ডের ফলে স্থানীয়রা এক প্রকার জিম্মি হয়ে পড়েছিলেন, ভয়ে মুখ খোলার সাহস পেতেন না কেউ। শুক্রবার দুপুরে ওই এলাকায় মাদক কারবারিদের গোপন জমায়েতের খবর পান সংসদ সদস্য। কোনো ধরনের প্রটোকল বা নিরাপত্তা বাহিনীর অপেক্ষা না করে অত্যন্ত মার্জিত কিন্তু কঠোর অবস্থানে থেকে নিজের ব্যক্তিগত মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি। সংসদ সদস্যকে হঠাৎ লুঙ্গি পরা অবস্থায় দেখে মাদক কারবারিরা হকচকিয়ে যায়। তিনি উপস্থিত হয়ে সরাসরি তাদের ধাওয়া করলে কারবারিরা প্রাণভয়ে দিগ্বিদিক পালিয়ে যায়। এ সময় মাদক কারবারিরা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়। ঘটনার পরপরই এমপি জসীম উদ্দিন সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অবহিত করেন এবং জব্দকৃত মোটরসাইকেলটি তাদের কাছে হস্তান্তর করেন। একই অভিযানে সন্দেহজনক ঘোরাফেরার দায়ে নবীনগর উপজেলা থেকে আসা দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সাহসী অভিযানের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা স্থানীয় সচেতন মহলে ব্যাপক সাড়া ফেলেছে। অভিযানের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, "আমার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করা। এলাকায় হয় মাদক কারবারিরা থাকবে, নতুবা আমি থাকব। মাদকের বিরুদ্ধে আমার এই জিহাদ অব্যাহত থাকবে।" একজন জনপ্রতিনিধির এমন সরাসরি ও সাহসী পদক্ষেপে স্থানীয় জনগণের মধ্যে মাদকের বিরুদ্ধে নতুন এক সাহস ও আত্মবিশ্বাসের সঞ্চার হয়েছে। মাদকের বিষবাষ্প থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে তার এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ