কুমিল্লা, ব্রাহ্মণপাড়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় থানা ও হাসপাতালের প্রধান সড়ক: দুর্ভোগে লাখো মানুষ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দীর্ঘভূমি এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। আশপাশের কয়েকটি বাড়ির বর্জ্য ও নিষ্কাশনের পানি সরাসরি রাস্তায় ফেলার কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন প্রায় স্থায়ী ড্রেনে পরিণত হয়েছে। এর ফলে থানা, হাসপাতাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী কয়েক লাখ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুলালপুর, সিদলাই ও মাধবপুর ইউনিয়নের প্রায় ২৫ গ্রামের মানুষ প্রতিদিন নিয়মিত এ সড়কটি ব্যবহার করেন। এছাড়া বাকি ৫ ইউনিয়নের বাসিন্দাদেরও চিকিৎসা ও আইনি সহায়তার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং থানায় যাতায়াতের একমাত্র ভরসা এই সড়কটি। একই সাথে এলাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী হাজারো শিক্ষার্থীরও এটি প্রধান পথ।
সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই দীর্ঘভূমি এলাকার এই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। পানির নিচে সড়কের বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, আহত হচ্ছেন সাধারণ পথচারী ও চালকরা। বিশেষ করে একদিন বৃষ্টি হলে এখানকার জলাবদ্ধতা ও দুর্ভোগ স্থায়ী হয় টানা ৫ থেকে ৭ দিন।
স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা জানান, হাতে গোনা কয়েকটি বাড়ির মানুষ তাদের গৃহস্থালির বর্জ্য পানি কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা ছাড়াই সরাসরি রাস্তায় ফেলছেন। এর ফলে জনবহুল এই সড়কটি আজ মরণফাঁদে রূপ নিয়েছে। অবিলম্বে এই দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিদের আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাপ হোসেন ভূঁইয়া বলেন, "জনদুর্ভোগ নিরসনে এই সড়কটির নতুন করে টেন্ডার সম্পন্ন হয়েছে। পূর্বে রাস্তাটি ১২ ফুট প্রশস্ত থাকলেও এখন তা ১৮ ফুটে উন্নীত করা হচ্ছে। দীর্ঘভূমি অংশের এই ভাঙা ও ক্ষতিগ্রস্ত জায়গাটি এর আগেও একবার মেরামত করা হয়েছিল। আশা করছি, আগামী ২০২৭ সালের জুনের আগেই পুরো রাস্তার নির্মাণকাজ সম্পন্ন হবে।"
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ