অটোরিকশার অভিনব কায়দায় লুকিয়ে নেওয়া ২০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ব্রাহ্মণপাড়ায় চাঞ্চল্য!

অটোরিকশার অভিনব কায়দায় লুকিয়ে নেওয়া ২০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ব্রাহ্মণপাড়ায় চাঞ্চল্য!
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ভেতর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. ইসমাইল মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। অটোরিকশার আড়ালে মাদকের এমন বড় চালান পরিবহনের সময় পুলিশের জালে ধরা পড়েন তিনি। ​রোববার (৯ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও অটোরিকশাটি জব্দ করা হয়। ​গ্রেপ্তারকৃত ইসমাইল মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার টান মুশরী এলাকার মিজান মিয়ার ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি. এম. এ. মজিদের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় নিয়মিত মাদকবিরোধী টহল ও অভিযান পরিচালনা করছিল। এ সময় কুমিল্লা-মিরপুর সড়কের ধান্যদৌল এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিবিধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সন্দেহজনক মনে হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ অটোরিকশাটির গতিরোধ করে তল্লাশি শুরু করে। ​তল্লাশির একপর্যায়ে অটোরিকশার বিভিন্ন অংশে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ এবং চালক ইসমাইল মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক বিজয় নিউজ/ ​সুমন আহমেদ