​সীমান্তে নেশার ঘোর! যুবদল নেতাসহ ৬ মাদকসেবীকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

​সীমান্তে নেশার ঘোর! যুবদল নেতাসহ ৬ মাদকসেবীকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ে সীমান্ত এলাকায় মাদক সেবনের সময় যুবদলের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১০ আগস্ট) রাতে উপজেলার বাকশিমুল রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। ​আটককৃতদের মধ্যে একজন হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ নম্বর কালীর বাজার (উত্তর) ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। তিনি গত ১ আগস্ট এই পদ লাভ করেছিলেন। ​পুলিশ জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে বাকশীমূল রেলগেট এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সীমান্ত এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বুড়িচংয়ের দিকে আসছিলেন ওই ছয়জন। সন্দেহ হলে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় এবং তাদের মাদক সেবন করা অবস্থায় হাতেনাতে আটক করে।

​আটক অপর ৫ জন হলেন— ​আরিফ হোসেন (পিতা: আব্দুল সেলিম ভূঁইয়া, মনশাসন, কুমিল্লা কোতোয়ালি)
​সুলাইমান (পিতা: আবুল কাশেম)
​মনির হোসেন (পিতা: নুর ইসলাম)
​রবিউল আলম (পিতা: আব্দুল খালেক)
​মোতালেব (পিতা: সুরুজ মিয়া)
​অভিযান শেষে বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অপরাধের মাত্রা বিবেচনায় তিনজনকে ১২ দিন এবং অপর তিনজনকে ৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ​এ বিষয়ে কালীর বাজার (উত্তর) ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনুর রশিদ বলেন, "মাদকসেবীর সঙ্গে কোনো দলের সম্পর্ক থাকতে পারে না। ইতোমধ্যে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি এবং তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।" ​বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকা থেকে ফেরার পথে তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ ​সুমন আহমেদ