বাইশারীতে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

বাইশারীতে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১২টা ৩২ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর বাইশারী ইউনিয়নের পেটানআলী পাড়া গ্রামের মোরশেদের গ্যারেজের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল ডিউটির অংশ হিসেবে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। অভিযানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনজুর হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শওকত জামিলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী নুরুল আবছারকে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার নুরুল আবছার নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ নম্বর বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুফানআলী পাড়ার নুরুল আমিন ও মরিয়ম বেগমের ছেলে।

পুলিশের দাবি, নুরুল আবছার গর্জনিয়া থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে বাইশারীতে আসার সময় পুলিশের চেকপোস্টে আটক হন। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে একাধিকবার গ্রেফতারের তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং-১৩, তারিখ ১১ আগস্ট ২০২৬; মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি