নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট: ৩০ ফিলিং স্টেশন বন্ধ, সড়কে সিএনজি চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
দৈনিক বিজয় নিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে বিতরণ লাইনে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকেরা। জেলার প্রায় ৩০টি পাম্পে গ্যাস সরবরাহ পুরোপুরি থমকে গেছে। সচল থাকা হাতেগোনা দুই-একটি ফিলিং স্টেশনের সামনে তৈরি হয়েছে জ্বালানি নেওয়ার দীর্ঘ লাইন, যা ছড়িয়ে পড়েছে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কেও। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিতাসের লাইনে প্রেসার কম থাকায় পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী সিএনজি পৌঁছাচ্ছে না। ফলে বাধ্য হয়েই অধিকাংশ স্টেশনে বিক্রি বন্ধ রাখতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দৈনিক জমার ভিত্তিতে গাড়ি চালানো চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি না পাওয়ায় তাঁদের দৈনিক আয় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সস্তাপুর অঞ্চলের ‘মাস সিএনজি ওয়ার্কার্স লিমিটেড’ ফিলিং স্টেশনের সামনে অপেক্ষারত অটোরিকশা চালক সালাউদ্দিন জানান, আগের রাতে এসে খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে। পরদিন সকাল সাতটা থেকে দুপুর গড়ালেও লাইনেই পার করতে হয়েছে সময়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পাম্পে পাম্পে ঘুরে সময় নষ্ট হওয়ায় দৈনিক উপার্জন প্রায় বন্ধের পথে। সময়মতো গ্যাস না পেলে মহাজনের জমা পরিশোধ করে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। পাম্প মালিক ও কর্মচারীরা জানান, বেশ কয়েক দিন ধরে সরবরাহ লাইনে স্বাভাবিক গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না। কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা লাইন সম্পূর্ণ গ্যাসশূন্য থাকছে, যার কারণে গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
দৈনিক বিজয় নিউজ/ মহসিন মল্লিক