রাউজানে দোকানের ভেতর ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাউজানে দোকানের ভেতর ব্যবসায়ীর ঝুলন্ত  মরদেহ উদ্ধার
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীরহাটে নিজ দোকানের ভেতর থেকে নিরু বড়ুয়া (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিরু বড়ুয়া উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব আবুরখীল তালুকদার পাড়ার প্রয়াত ভবতোষ বড়ুয়া (মন্টু )র ছেলে। তিনি স্থানীয় কেরানীরহাটে খুচরা ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং শনিবার বিকেলে নিরু বড়ুয়া তাঁর দোকানের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। কিছুক্ষণ পর এক ক্রেতা কেনাকাটা করতে এসে দোকান বন্ধ দেখে সন্দেহবশত বাইরে থেকে ভেতরে উঁকি দেন। এ সময় তিনি নিরু বড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার শুরু করেন। বিষয়টি দ্রুত জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে রাউজান থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে নিহতের মা মন্জু বড়ুয়া জানান, সম্প্রতি ছিনতাই ও দোকানে চুরির ঘটনায় তাঁর ছেলে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এর সঙ্গে যোগ হয়েছিল তাঁর দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা। এসব কারণে তিনি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন এবং একপর্যায়ে ব্যবসা গুটিয়ে দোকান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত জীবনে নিরু বড়ুয়া এক ছেলে ও এক মেয়ের জনক। মানসিক ও শারীরিক অসুস্থতাজনিত দুশ্চিন্তা এবং আর্থিক দেনার চাপে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশ টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট জানা যাবে।"

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া