দুমকীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার

দুমকীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকীতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার খান নামে এক চা-দোকানিকে আটক করেছে পুলিশ। উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্কুলছাত্রীটি ফুফুর বাড়িতে যাওয়ার পথে পায়রা টোল প্লাজার পশ্চিম পাশে খানবাড়ি-সংলগ্ন এলাকায় পৌঁছালে দেলোয়ার খান তাকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটি বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ এবং জামা ছিঁড়ে ফেলার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি অভিযুক্তকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে দুমকী থানায় অভিযোগ করা হয়।

অভিযোগ পাওয়ার পর দেলোয়ার খানকে আটক করা হয়। এ ঘটনায় মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে, ঘটনার তথ্য সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। ভুক্তভোগী শিশুর বক্তব্য নেওয়ার সময় ‘রাজিব’ নামে এক ব্যক্তির মাধ্যমে সংবাদ প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একইভাবে শিশুটির মায়ের বক্তব্য নেওয়ার সময়ও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর কয়েকজন ব্যক্তি মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলেন। তবে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্তের কাছে টাকা দাবির অভিযোগও উঠেছে; তবে এ দাবির পক্ষে কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার করে দেলোয়ার খান দাবি করেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, তিনি আওয়ামী লীগ করতেন এবং আগস্টের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তার দোকানও একবার ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর দেলোয়ার খানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী