বোচাগঞ্জে পৃথক অভিযানে ১৯৪ বস্তা সার জব্দ ও জরিমানা

বোচাগঞ্জে পৃথক অভিযানে ১৯৪ বস্তা সার জব্দ ও জরিমানা
ছবিঃ মোঃ আনোয়ার হোসেন

দৈনিক বিজয় নিউজ ​বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

বোচাগঞ্জে প্রশাসনের পরিচালিত পৃথক মোবাইল কোর্ট ও অভিযানে সর্বমোট ১৯৪ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় নিয়মের ব্যত্যয় পাওয়ায় একজনকে অর্থদণ্ড এবং অপর একটি ঘটনায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। ​গত ৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ​অভিযান সূত্রে জানা যায়, মো. মুক্তা আলম (পিতা: নুরুল হক)-এর বসতবাড়ি থেকে ১৪০ বস্তা বিভিন্ন ধরনের সার (টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়া) সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত না থাকায় এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করার জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি অফিসারের জিম্মায় সুরক্ষিত রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ​অপরদিকে, একই অভিযানে মো. বেলাল হোসেন (পিতা: মো. আবেদ আলি)-এর বাসা থেকে ৫৪ বস্তা সার (টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়া) পাওয়া যায়। বিধি অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া সারগুলোর জব্দতালিকা প্রস্তুত করে তা সরকারি নির্ধারিত মূল্যে বিক্রিপূর্বক প্রাপ্ত মূল্য সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। ​কৃষক স্বার্থ রক্ষায় এবং সার বিতরণ ও সংরক্ষণে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ আনোয়ার হোসেন