পটুয়াখালীর চাঞ্চল্যকর গৃহবধূ নির্যাতন ও হত্যাচেষ্টা: রাজধানীতে স্বামী গ্রেফতার

পটুয়াখালীর চাঞ্চল্যকর গৃহবধূ নির্যাতন ও হত্যাচেষ্টা: রাজধানীতে স্বামী গ্রেফতার
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন ও হত্যার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মো. শাকিল ফকিরকে (৩০) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও এসআরবি-২। বুধবার (০৪ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল ফকির পটুয়াখালী জেলার দুমকি থানাধীন মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে। তিনি পটুয়াখালী সদর থানায় দায়ের করা চাঞ্চল্যকর যৌতুক নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি। এসআরবি-৮ সূত্রে জানা যায়, পটুয়াখালীতে চাঞ্চল্যকর ওই ঘটনার পর থেকেই শাকিল ফকির পলাতক ছিলেন এবং ঢাকায় আত্মগোপন করেছিলেন। পরবর্তীতে বুধবার এসআরবি-৮ (সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প) এবং এসআরবি-২ (সিপিসি-২, বসিলা ক্যাম্প)-এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় ১০ বছর আগে ভিকটিমের সঙ্গে শাকিল ফকিরের বিয়ে হয় এবং তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। সম্প্রতি শাকিল ব্যবসার কথা বলে অন্যদের প্ররোচনায় স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। ঘটনার দিন অভিযুক্তরা ভিকটিমের বাবার বাড়িতে গিয়ে পুনরায় যৌতুকের টাকা দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে শয়নকক্ষে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ভিকটিমের পায়ের রগ কেটে যায় এবং হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত শাকিল ফকিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী