বগুড়ায় ১০ দিনব্যাপী বই মেলা শুরু!

বগুড়ায় ১০ দিনব্যাপী বই মেলা শুরু!
ছবিঃ আব্বাস উদ্দিন

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি ঃ 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী অমর একুশে বই মেলা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের শহীদ খোকন পার্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। 

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-পিপিএম, বিশিষ্ট সাহিত্যিক বজলুল করিম বাহার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাহিত্য জিজ্ঞাসা বগুড়ার সভাপতি বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ শহীদুল্লাহ। সাংস্কৃতিক কর্মী এইচ আলিমের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা বলেন, একুশ হচ্ছে কাফনে মোড়ানো অশ্রুবিন্দু। একুশের হাত ধরেই এসেছে ৬৯’র গণ অভ্যূত্থান এবং ৭১ এর মুক্তিযুদ্ধ। একুশ বা মাতৃভাষাকে ঘিরেই আয়োজন করা হয় বইমেলার। আর  এই মেলাটি হচ্ছে বই পড়ার একটি প্রেরণা। বই আমাদের অন্য একটি জগতে নিয়ে যায়। বই পড়া ছাড়া যেমন কোন মানুষ সমৃদ্ধ হতে পারে না, তেমন বই না পড়লে কোন জাতি এগুতে পারে না।

বক্তারা স্মার্টফোনকে দুষ্টযন্ত্র হিসেবে আখ্যায়িত করে বলেন, বর্তমান প্রজন্ম স্মার্টফোনের কারণে কাগুজে বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলেছে। এই কারণে আগে লেখকের সংখ্যা কম থাকলেও পাঠকের সংখ্যা বেশি ছিল, কিন্তু এখন লেখকের সংখ্যা প্রচুর, কমেছে পাঠকের সংখ্যা। ফলে মানসম্মত বই’ও তেমন বাড়ছে না।

আয়োজকরা জানান, এবারের বইমেলায় ৩৯টি স্টল রয়েছে। মেলায় প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন লেখকদেরও প্রচুর বই স্থান পেয়েছে। মেলা মঞ্চে প্রতিদিন স্থানীয় লেখকদের বইয়ের মোড়ক উম্মোচন করা হবে। প্রথমদিন তিনটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

মাহমুদ হোসেন পিন্টুর কাব্যগ্রন্থ ‘মৎস্য কন্যার সাথে সমুদ্র দর্শন, আজিজার রহমান তাজের কাব্যগ্রন্থ ‘গহীন দহন’ এবং শাহানা-আরা বীণার কাব্যগ্রন্থ ‘আলো-ছায়া রোদ’। এছাড়া মেলামঞ্চে প্রতিদিন বিকেল থেকে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা।।

 

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি / আব্বাস উদ্দিন