মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ড দিবস উপলক্ষে ৩১ জুলাই মানববন্ধন, র্যালি ও সেমিনার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রায় দ্রুত কার্যকরের দাবি জানাবে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ। মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের বার্ষিকী উপলক্ষে আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) রাজধানী ঢাকায় মানববন্ধন, র্যালি ও সেমিনারের কর্মসূচি ঘোষণা করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ। সংগঠনের নীতিনির্ধারণী পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কর্মসূচিতে আলোচিত মামলায় ঘোষিত বিচারিক রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ২১ জুলাই অনুষ্ঠিত নীতিনির্ধারণী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) আলহাজ মো. দুলাল উদ্দিন চৌধুরী। সভায় কেন্দ্রীয় ও বিভিন্ন আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩১ জুলাই সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিরপুর সেনানিবাস সংলগ্ন ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) চেকপোস্ট থেকে মিরপুর-১২ বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বারিধারার ব্লু স্টার হোটেলে আলোচনা সভা ও সেমিনার আয়োজন করা হবে। সংগঠনের লিখিত ঘোষণায় বলা হয়েছে, কর্মসূচির মাধ্যমে মেজর (অব.) সিনহার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আইনের শাসনের প্রতি সম্মান প্রদর্শন এবং আলোচিত মামলায় ঘোষিত বিচারিক রায় দ্রুত কার্যকরের আহ্বান জানানো হবে।
সভায় বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) আলহাজ মো. দুলাল উদ্দিন চৌধুরী বলেন, মেজর (অব.) সিনহা ছিলেন একজন দেশপ্রেমিক ও চৌকস সেনা কর্মকর্তা। তাঁর মৃত্যুর ঘটনাটি সমগ্র জাতিকে মর্মাহত করেছিল। আমরা বিশ্বাস করি, আদালতের ঘোষিত রায় যথাসময়ে বাস্তবায়ন হলে ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। আমাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আইনসম্মত ও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাই ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রশ্নে তাঁদের অবস্থান সবসময়ই স্পষ্ট। আমরা দেশের সকল অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের কর্মসূচিতে অংশগ্রহণ করে ঐক্যের বার্তা দেওয়ার আহ্বান জানাচ্ছি।
সংগঠনের সাধারণ সম্পাদক ল্যান্স করপোরাল (অব.) মো. মনজুরুল আলম বলেন, এই কর্মসূচি কোনো সংঘাত সৃষ্টি করার জন্য নয়; বরং আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালনই আমাদের লক্ষ্য। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা সেনানিবাস, ভাষানটেক, কাফরুল, কালশী, মিরপুরসহ আশপাশের এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট থানায় লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। তাদের প্রত্যাশা, প্রশাসনের সহযোগিতায় কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বিচারিক কার্যক্রম সম্পন্ন হয় এবং রায় ঘোষণা করা হয়। সেই ঘটনার স্মরণে প্রতিবছর বিভিন্ন সংগঠন ও পেশাজীবী মহল নানা কর্মসূচি পালন করে আসছে।
দৈনিক বিজয় নিউজ/ ফকির মিরাজ আলী শেখ