রাজশাহী আগুনে পুড়ে ছাই টিসিবির পণ্য: বিপাকে নিম্নআয়ের মানুষ

রাজশাহী আগুনে পুড়ে ছাই টিসিবির পণ্য: বিপাকে নিম্নআয়ের মানুষ
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ সংলগ্ন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের মানুষজন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, গোডাউনে মজুদ থাকা কয়েক হাজার লিটার সয়াবিন তেল আগুনে পুড়ে বোতল গলে চারদিকে ছড়িয়ে পড়েছে। এছাড়া স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনি ও অন্যান্য পণ্য সম্পূর্ণরূপে পুড়ে কালো ছাইয়ে পরিণত হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গোডাউনটি ঘিঞ্জি হওয়ায় এবং ভেতরে দাহ্য পদার্থ (বিশেষ করে তেল) বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এদিকে, সকালে টিসিবির পণ্য নিতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন নিম্ন আয়ের অসংখ্য মানুষ। স্থানীয় বাসিন্দা মতিন জানান, “আগের দিন মাইকিং করে জানানো হয়েছিল আজ টিসিবির পণ্য দেওয়া হবে। সেই আশায় সকালে এসে দেখি সব পুড়ে গেছে।” এই অগ্নিকাণ্ডে শুধু সরকারি সম্পদের ক্ষতিই নয়, বরং স্বল্পমূল্যে নিত্যপণ্য পাওয়ার আশায় থাকা নিম্নআয়ের মানুষের ওপরও বড় ধরনের প্রভাব পড়েছে। সংশ্লিষ্টদের দ্রুত বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন