নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রবি-এয়ারটেল নেটওয়ার্কের বেহাল দশা গ্রাহক ভোগান্তি চরমে, ফুঁসে উঠছে এলাকাবাসী

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রবি-এয়ারটেল নেটওয়ার্কের বেহাল দশা গ্রাহক ভোগান্তি চরমে, ফুঁসে উঠছে এলাকাবাসী
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে রবি ও এয়ারটেল টাওয়ারের নেটওয়ার্ক বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক। বিদ্যুৎ চলে গেলেই নেটওয়ার্ক গায়েব হয়ে যাওয়া এবং ইন্টারনেটের ধীরগতির কারণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দায়িত্বরত প্রোপাইটরের অবহেলা ও অব্যবস্থাপনার কারণেই এই দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই রবি ও এয়ারটেলের নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমান যুগে ডিজিটাল সেবার ওপর নির্ভরশীল মানুষ এতে চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও জরুরি সেবাপ্রার্থীরা কোনো যোগাযোগ করতে পারছেন না। সরেজমিনে দেখা গেছে, বাইশারী টাওয়ারে শতাধিক সৌরবিদ্যুৎ (সোলার) প্লেট রয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে অটো জেনারেটরও স্থাপন করা হয়েছে। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ এবং দায়িত্বপ্রাপ্ত প্রোপাইটরের গাফিলতির কারণে এসব সরঞ্জাম কোনো কাজেই আসছে না।

কর্তৃপক্ষ যদি দ্রুত এই সমস্যার সমাধান না করে, তবে বিক্ষুব্ধ জনতা টাওয়ার নিয়ে যেকোনো অপ্রীতিকর পদক্ষেপ নিতে পারে। যেকোনো বড় ধরনের বিশৃঙ্খলার দায়ভার রবি-এয়ারটেল কর্তৃপক্ষকেই নিতে হবে। ঘটনাস্তলে রবি ও এয়ারটেলের টাওয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোনো প্রোপাইটর বা কর্মচারীকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপস্থিতি এলাকাবাসীর অভিযোগকে আরও জোরালো করেছে। বাইশারীবাসীর দাবি, অবিলম্বে দক্ষ জনবল নিয়োগ করে এবং কারিগরি ত্রুটি মেরামত করে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করা হোক। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি