ক্রিকেট ভেন্যুতে সমন্বিত নিরাপত্তা জোরদার : আনসার ও বিসিবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
দেশের ক্রিকেট ভেন্যুগুলোতে আধুনিক ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড'র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়। আয়োজকেরা জানিয়েছেন, দেশের ক্রীড়াঙ্গনে নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক মান বজায় রাখা ও বড় পরিসরের আয়োজন নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্রিকেট ভেন্যুগুলোতে পেশাদার ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ব্যবস্থাপনার একটি সুসংগঠিত কাঠামো গড়ে উঠবে।অনুষ্ঠানে নানা দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বিসিবি'র এডহক কমিটির সদস্য ও সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ। মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বিসিবির সঙ্গে আনসার ও ভিডিপির দীর্ঘদিনের সহযোগিতা এ সমঝোতার মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ পেল। ক্রীড়াঙ্গনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আধুনিক, দক্ষ ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে সৈয়দ ইব্রাহিম আহমেদ বলেন, ক্রীড়াঙ্গনে নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। ভেন্যু, খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা অপরিহার্য। এই চুক্তির আওতায় প্রশিক্ষিত আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলেও তিনি জানান। সমঝোতা স্মারক অনুযায়ী, বরিশাল, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, পূর্বাচল, চট্টগ্রাম ও খুলনার সাতটি স্টেডিয়ামে মোট ২৭২ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে। এর আগে ঢাকার মিরপুর, কক্সবাজার ও সিলেটের তিনটি স্টেডিয়ামে ১০৭ জন সদস্য ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, হেড অব সিকিউরিটি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামিম ফরহাদ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আব্দুল মজিদ প্রমূখ। আয়োজনকারীরা মনে করছেন, এই সমঝোতা দেশের ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এর ফলে আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে, বিদেশি দল ও দর্শনার্থীদের আস্থা বাড়বে এবং বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতাও বৃদ্ধি পাবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান