কুমিল্লার সড়কে মাদক কারবারিদের রমরমা বাণিজ্য: মাইক্রোবাসভর্তি ১০০ কেজি গাঁজাসহ আটক ২

কুমিল্লার সড়কে মাদক কারবারিদের রমরমা বাণিজ্য: মাইক্রোবাসভর্তি ১০০ কেজি গাঁজাসহ আটক ২
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি নোয়াহ মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। বুধবার (১৫ জুলাই) সকালে র‍্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ​আটককৃতরা হলেন—কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. অন্তর (২৫) এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে মো. বাঁধন (২৩)। ​র‍্যাব জানায়, অভিযানের সময় আটক দুই ব্যক্তির হেফাজতে থাকা নোয়াহ মাইক্রোবাস তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘ দিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসযোগে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন। ​র‍্যাব-১১ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ