মাদক ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা: কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক, ভ্রাম্যমাণ আদালতে ১০ মাসের কারাদণ্ড
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুমিল্লার বুড়িচং উপজেলায় ইয়াবা সেবন ও বহনের অপরাধে আবুল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এলাকাবাসীর স্বস্তি ফিরিয়ে আনতে এবং মাদকের বিস্তার রোধে এই অভিযানটি পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। জানা গেছে, তাঁর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন এবং অভিযুক্ত আবুল হোসেনকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত সূত্রে আরও জানা যায়, অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূলে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ