কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যের ছেলের রহস্যজনক মৃত্যু: পুকুর থেকে মরদেহ উদ্ধার!
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া এলাকা থেকে আলামিন (৩৫) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলামিন পার্শ্ববর্তী সিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে। আজ বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের নতুন ভরাট করা বাড়ির উত্তর-পশ্চিম পাশের একটি পুকুরে মরদেহটি পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে সিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর জানান, সকালে ছোটধুশিয়া এলাকার একটি পুকুর থেকে আলামিনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। পরিবারের লোকজনের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ