কুমিল্লার দাউদকান্দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের নেতাসহ আটক ৩
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার দাউদকান্দিতে রাতভর বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য, ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি এবং এক চুরি মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দাউদকান্দি মডেল থানা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের পাকড়াও করতে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর এই অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য এবং দাউদকান্দি উপজেলা যুবলীগের পৌর শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি পিএস মো. সানি হাসান (৪০)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি একাধিক হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি। এদিকে, একই রাতে মালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রমজান (২৯)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৌরসভা এলাকায় পৃথক আরেকটি অভিযানে চুরি মামলার আসামি মো. রিপন (৩১)-কে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, “অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। আইন অমান্যকারী কিংবা মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে আমাদের এই কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ