ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা ফয়সল আমিন
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি এ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত বিএনপির মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা। মির্জা ফয়সল আমিন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃত্বে রয়েছেন। তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়। তাঁর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের অবস্থান জানান দিতে মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছেন। মির্জা ফয়সল আমিনের মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এখন দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন নেতাকর্মী ও সমর্থকরা।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম