রাজশাহীর পবা উপজেলায় বসতবাড়ির রান্নাঘরে খড়ির নিচে সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
এ ঘটনায় মোঃ সাকিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাকিম বাগধানী এলাকার আব্দুল খালেকের ছেলে। রোববার (৮ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার বাগধানী এলাকায় সাকিমের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এসএম আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল সাকিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেহ ও বসতঘর তল্লাশি করা হয়। পরে তাঁর দেখানো মতে বাড়ির রান্নাঘরে খড়ির নিচে রাখা সিগারেটের প্যাকেটের ভেতর থেকে বিশেষভাবে সংরক্ষিত ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ১০০ টাকা। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার (৯ নভেম্বর) পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এবিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এসএম আব্দুল হান্নান বলেন, আরএমপি পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় অপরাধ দমনে পবা থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ছিনতাই ও অপহরণসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন