পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডিবির (জেলা গোয়েন্দা শাখা) অভিযানে ১৩ পুরিয়া হেরোইনসহ মো. বশির হাওলাদার (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডিবির (জেলা গোয়েন্দা শাখা) অভিযানে ১৩ পুরিয়া হেরোইনসহ মো. বশির হাওলাদার (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার আমখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদুরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত বশির হাওলাদার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা এলাকার মৃত আ. লতিফ হাওলাদারের ছেলে। তার স্থায়ী ঠিকানা পটুয়াখালী সদর উপজেলার ৯ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের আউলিয়াপুর গ্রাম হলেও তিনি দীর্ঘদিন ধরে গলাচিপার বাদুরা এলাকায় বসবাস করে আসছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল বাদুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. বশির হাওলাদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী