নাইক্ষ্যংছড়ির কাগজিখোলায় যুবলীগ নেতার নেতৃত্বে চলছে অবৈধ বালু উত্তোলন: প্রতিবাদে মুখ খুলতে বাধ্য স্থানীয়রা!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাগজিখোলা এলাকায় প্রকাশ্যেই চলছে অবৈধ বালু উত্তোলনের এক বেপরোয়া মহোৎসব। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের একটি শক্তিশালী সিন্ডিকেট সাধারণ মানুষের ভিটেমাটি এবং কৃষিজমি ধ্বংস করে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। ক্ষমতা পটপরিবর্তন হলেও এই চক্রটির দৌরাত্ম্য বিন্দুমাত্র কমেনি, বরং নতুন মোড়কে তা আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, এই অবৈধ সিন্ডিকেটের মূল নেতৃত্বে রয়েছেন কাগজিখোলা ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিজুল হক এবং তার ভাই মুবিনুল হক (পিতা: মৃত মোজাম্মেল হক)। স্থানীয়ভাবে ‘লেঙা আজিজ’ নামে পরিচিত এই ব্যক্তির বাড়ির ঠিক পাশেই অবস্থিত আব্দুল বারীর মালিকানাধীন খতিয়ানভুক্ত উর্বর ধানি জমির বুক চিড়ে ক্ষমতার জোরে চলছে ভেকু (এক্সকাভেটর) দিয়ে বালু উত্তোলন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও একই স্থানে বারবার এভাবেই পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে বালু তোলা হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আজিজুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, তিনি বালু তুলেছেন, তবে সেগুলো বিক্রি করে দিয়েছেন। বর্তমানে সেখানে যে বিপুল পরিমাণ বালুর স্তূপ দেখা যাচ্ছে, সেগুলো তাঁর নয় বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) অবগত আছেন বলেও জানান আজিজুল হক। স্থানীয়দের অভিযোগ, এই সিন্ডিকেটটি অত্যন্ত প্রভাবশালী। অবৈধ বালু তোলার এই বিশাল বাণিজ্য থেকে স্থানীয় প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির পাশাপাশি বর্তমান সময়ের সুবিধাভোগী ও দলবদলকারী কিছু বিএনপি পন্থী নেতাকর্মীকেও নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা বা 'কড়' দেওয়া হয়। এর ফলে প্রশাসনের চোখের সামনেই হরিলুট চললেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বালু উত্তোলনের দৃশ্য ক্যামেরাবন্দী করতে গেলে বা প্রতিবাদ জানাতে গেলে জীবননাশের হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে সাধারণ মানুষ এখন এতটাই তটস্থ যে, ক্যামেরার সামনে মুখ খুলতেও তাদের বুক কাঁপছে। নিরীহ কৃষকদের জমি কেড়ে নিয়ে চক্রটি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেলেও মুখ বুঝে সহ্য করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকছে না।
পরিবেশ আইন ও গ্রামীণ অবকাঠামোর তোয়াক্কা না করে এভাবে কৃষিজমি নষ্ট করে বালু উত্তোলনের ফলে অচিরেই ওই এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলনের সিন্ডিকেট ভেঙে দিয়ে যুবলীগ সভাপতি আজিজুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি