দিনাজপুরে সড়ক প্রশস্তকরণের বলি হচ্ছে শত শত গাছ!

দিনাজপুরে সড়ক প্রশস্তকরণের বলি হচ্ছে শত শত গাছ!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ


৩৯ থেকে ৪১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। এদিকে সড়ক প্রশস্ত করার নামে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে শত শত গাছ। রাস্তায় ছায়াশীতল পরিবেশ সৃষ্টির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালনকারী এসব বৃক্ষ নির্বিচারে নিধনে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তবে দিনাজপুর জেলা পরিষদের প্রতিনিধিরা বলছেন সড়ক প্রশস্ত করতে সরকারি নিয়ম মেনেই এসব গাছ কাটা হচ্ছে।

জানা গেছে, ১৯৯০ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের রাস্তার পাশে জেলা পরিষদ বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের পাশে মেহগনি, বকাইল, পাকুড়, কদম, কৃষ্ণচূড়া, কাঁঠাল, আম, কামরাঙাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছিল। সেই সড়কগুলো প্রশস্তকরণের কাজ শুরু করে সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু রাস্তা প্রশস্তকরণে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ বছর বয়সী গাছগুলো। গত ৪ ফেব্রুয়ারি জেলা পরিষদ বোচাগঞ্জ উপজেলার পুলেরহাট বাজার, মাধবপুর, ডাকবাংলা অডিটোরিয়াম মোড়, জালগাঁও, বকুলতলা এলাকায় সাতটি লটে ২৯৮টি গাছ বিক্রির ইজারা প্রদান করে। আর গত ১৬ এপ্রিল গাছ কাটার কার্যাদেশ প্রদান করে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাস্তা প্রশস্ত করতে গিয়ে যে গাছ সীমানার মধ্যে পড়বে সেটা কাটুক। কিন্তু রাস্তা থেকে অনেক দূরের গাছগুলো কেন কাটা হচ্ছে? আমরা তাদের বাধা দিলে কোনো কথা শুনে না। তারা তো গাছ কেটে এলাকাকে মরুভূমি বানায় দিচ্ছে। রাস্তার গাছ কাটে কিন্তু নতুন করে রোপণ করে না। দিনাজপুরে অনেক রাস্তা বড় করতে গিয়ে গাছ কাটছে। নতুন করে রাস্তা তৈরি হওয়ার পর বছরের পর বছর পার হলে আর গাছ রোপণ করা হয় না।

পথচারী রবিন রায় বলেন, গরমের পর যদি গাছগুলো কাটা হত তাহলে কি তাদের অনেক বড় ক্ষতি হত? কিন্তু তারা এই গরমের মধ্যে গাছগুলো কেটে সাবাড় করে দিল। রাস্তায় গাছগুলোর ছায়া থাকত, দেখতেও সুন্দর লাগে। কিন্তু রাস্তা বড় করতে গিয়ে যে গাছগুলো কাটার দরকার নেই সেগুলোও কেটে নিচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান