শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি, উৎপাদন ব্যাহত।

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি, উৎপাদন ব্যাহত।
সাব্বির

দৈনিক বিজয় নিউজ  বিশেষ প্রতিনিধি:

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের প্রভাবে অন্তত ৫২৯টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এতে দেশের অন্যতম প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে এ তথ্য জানায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান জানান, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রমের স্বার্থে মালিকদের সব কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে।

বিজিএমইএর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর, গাজীপুর, ময়মনসিংহ, সাভার, আশুলিয়া ও জিরানি শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে এসব অঞ্চলে স্বাভাবিক শিল্প কার্যক্রম ব্যাহত হচ্ছে।এদিকে শ্রমিকদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তির প্রথা বন্ধ এবং বরখাস্ত হওয়া শ্রমিকদের পুনর্বহালসহ বিভিন্ন দাবি জানানো হচ্ছে। এসব দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলন ক্রমেই শিল্পাঞ্চলজুড়ে বিস্তৃত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস। ফলে শ্রমিক অসন্তোষ দীর্ঘায়িত হলে উৎপাদন ও রফতানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।এ পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য দাবি, কারখানার নিরাপত্তা এবং শিল্পের উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মধ্যে কার্যকর আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান জরুরি হয়ে উঠেছে।

দৈনিক বিজয় নিউজ/ সাব্বির